
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। রোববার সকালে পূর্ব জাভার সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তান প্রদেশের রাজধানী বানজারমাসিন যাওয়ার পথে জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ জাহাজটির নাম ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাঝপথে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আরিয়ান্তো আরদি জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই জাভা সাগরে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সর্বশেষ বানজারমাসিন জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাহাজটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল।
এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাহাজটি কোনো চরে আটকে পড়েছে, নাকি সাগরে ডুবে গেছে—তা নিশ্চিত করতে দ্রুতগতির উদ্ধারকারী ও তল্লাশিদল কাজ করছে।
ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যমগুলোর একটি ফেরি ও যাত্রীবাহী জাহাজ। দেশটির নৌপথে অতিরিক্ত যাত্রী পরিবহন ও নিরাপত্তা তদারকির ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে।